কান উৎসবের প্রধান বিচারক পার্ক চ্যান-উক
ইস্ক্রিন ডেস্ক
৭৯তম কান চলচ্চিত্র উৎসবে জুরি প্রধান হলেন দক্ষিণ কোরিয়ান নির্মাতা পার্ক চ্যান-উক। এবারই প্রথম দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্রাঙ্গনের ৬২ বছর বয়সী এই পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক এমন সম্মান পেলেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কান উৎসবের আয়োজকরা এই ঘোষণা দিয়েছেন। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্য থেকে একটি ছবিকে দেওয়া হবে স্বর্ণপাম। আগামী ২৩ মে উৎসবের সমাপনীতে গ্রাঁ থিয়েটার লুমিয়েরের মঞ্চে বিজয়ী ছবির নাম ঘোষণা করবেন তিনি।
আগামী মাসের মাঝামাঝি ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশন ঘোষণা করা হবে। এবারের আসরের পর্দা উঠবে আগামী ১২ মে।
গত বছর কানে মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান ছিলেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ। ৭৮তম কান উৎসবে ইরানের জাফর পানাহি পরিচালিত ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ ছবিটি স্বর্ণপাম জিতেছে।
